বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলা দায়ের ও মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ছয়টি হাইড্রোলিক হর্ণ, যা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। গতকাল রবিবার (১ মার্চ) জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা আফিয়া মাসুমা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অমান্য ও যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে তিনটি মামলা দায়েরপূর্বক আরও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ছয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা বিনষ্ট করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়া-এর পরিদর্শক নাসরিন সুলতানা ও অন্যান্য কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে কুষ্টিয়া পুলিশ বিভাগ-এর সদস্যরা। অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
