কুষ্টিয়ায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে অপহরণের শিকার শিশু উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে অপহরণের শিকার শিশু উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবির অধীন মথুরাপুর বিওপি থেকে ১৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হয়।

ওই গ্রামের অপহরণকারী আসাদুজ্জামান (২৬) ও জনি শেখের (২০) বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। তিনি আরও জানান, আসামি আসাদুজ্জামানের বাড়িতে বিজিবির সুবেদার মুজিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অপহৃত শিশু তামিম হোসেনকে (৬) উদ্ধার করা হয়। অপহরণকারীরা যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। পরে শিশুটিকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে অপহরণের শিকার শিশু তামিম হোসেনের অভিভাবক মেহেরপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।