বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচটি মামলা দায়ের করে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ছয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা আফিয়া মাসুমা। অভিযানটি নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে দুইটি মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অমান্য এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে আরও তিনটি মামলা দিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ছয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়া-এর পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ-এর সদস্যরা। অভিযানে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
