কুষ্টিয়ায় ফগিং কার্যক্রম জোরদারসহ চার দফা দাবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ফগিং কার্যক্রম জোরদারসহ চার দফা দাবি 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর এলাকায় ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে পৌর এলাকার জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, নালা-নর্দমায় জমে থাকা ময়লা-আবর্জনা ও স্থির পানি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশার বংশবিস্তার বাড়ছে।

এর ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। সংগঠনটির নেতৃবৃন্দ দাবি করেন, মশা নিধনে পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ সাধারণ মানুষের চোখে পড়ছে না। ফলে শহরের বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ অবস্থায় স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ফগিং কার্যক্রম চালু করা, ড্রেন ও নালা-নর্দমা এবং জলাবদ্ধ স্থানে মশার লার্ভা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা। কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক শামিম উল হাসান অপু ও সদস্য সচিব কে এম জাহিদ স্বাক্ষরিত স্মারকলিপিতে পৌর এলাকার নাগরিকদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।