কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্যে শেখ সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত সানি শেখ সাগর কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় গাড়ির রংমিস্ত্রি। এছাড়াও তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের খালাতো ভাই তৌফিক ইসলাম বলেন, সকালের দিকে প্রবাল, ভিকি ও বিজয় আমাকে মারপিট করে। সেই সময় তাদের হাতে ধারাল অস্ত্র ছিল। আমাকে মারপিট করার বিষয়টি সাগর ভাইকে জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাকে বাসাতেও পায়নি, গ্যারেজেও পায়নি। এরপর জানতে পারি প্রবাল, ভিকি ও বিজয় আমার ভাই সাগরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি মর্গে সাগর ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তারা আমার ভাইয়ের বন্ধু।

নিহত সাগরের স্বজনরা বলেন, সাগরকে তার বন্ধুরা পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রবাল, ভিকি ও বিজয় সাগরকে নির্মম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর ও প্রবাল দুই বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা। একসঙ্গে চলাফেরা করতেন। তারা দুজনই মাদকাসক্ত। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সাগর ও প্রবালের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে পূর্ব পরিকল্পিতভাবে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে প্রবাল ও তার লোকজন। দ্রুত সাগরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সাগরের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাগরের পায়ে, ঘাড়ে, মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।