ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৪ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ‘আনিচ স্টোর’ নামের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছলেমান শাহ (৬৫) ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় দোকানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামে এক পাখিভ্যান চালক নিহত হন। স্থানীয়রা জানান, দ্রুতগতির ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে রাসেল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এবিষয়ে জানতে মিরপুর থানার অফিসার ইনচার্জ এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল এলাকায় মিজান তেলপাম্পের সামনে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রূপচাঁদ ইসলাম নিহত হন। তিনি ১০ মাইল এলাকার বাসিন্দা মোজাম্মেল মন্ডলের ছোট ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি ট্রাক আটক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
