নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ এপ্রিল) সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ও খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। সদর উপজেলার শিবপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে রিয়াসাদ (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। সে হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইন্তাজ শেখের ছেলে। রিয়াসাদ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে রিয়াসাদ শিবপুর উত্তরপাড়ার একটি পুকুরে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। পুকুরে নামার কিছুক্ষণ পর রিয়াসাদ পানিতে তলিয়ে যায়। তখন সবাই পুকুরে নেমে খোঁজা শুরু করলে পানির নিচে রিয়াসাদকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাঁকে কাছাকাছি একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে গতকাল সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে খোকসার কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের মেয়ে জান্নাতী খাতুন (৩) ও রতন হোসেনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মুসলিমা খাতুন খেলা করার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে লাশ উদ্ধার করা হয়। জান্নাতী ও মুসলিমা সম্পর্কে চাচাতো বোন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
