বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আলোচনা সভা, শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি আজ মাতৃভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার পেয়েছে।’
জেলা প্রশাসক নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানা, তা থেকে শিক্ষা নেওয়া এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমিন। স্বাগত বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
