বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী এই প্রচারণা কর্মসূচিতে কুষ্টিয়া সদর থানার অন্তর্গত পাটিকাবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাসপাড়া, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের গোস্বামী দুর্গাপুর বাজার, শংকরদীয়া বাজার, আসাননগর বাজার ও মনোহরদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। এছাড়াও কন্দর্পদিয়া গ্রামের সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
তিনি মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখেন। সভায় তিনি জনগণের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এর আগে গতকাল শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে বাদ এশার পর অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। গণসংযোগ ও সভাগুলোতে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেব উত্তম বিশ্বাস ও শহর ছাত্রদল নেতা নিবির নাফিজ প্রমুখ।
