বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দুই সংবাদকর্মী চমন ও চঞ্চলের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনকে তারা ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় “সাংবাদিকতার আড়ালে মাদকের সাম্রাজ্য” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে চমন ও চঞ্চল নামের দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে দৈনিক কুষ্টিয়া দর্পণ-এর সাংবাদিক চমন এবং দৈনিক কালের কণ্ঠ-এর ডিজিটাল প্রতিনিধি চঞ্চল ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, একটি ফেসবুকের ‘ফেক আইডি’ থেকে ছড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্যের ওপর নির্ভর করে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে।
সাংবাদিক চমন বলেন, “সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ না করে, আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ বা বক্তব্য নেওয়ার প্রয়োজনও মনে করেননি সংশ্লিষ্ট প্রতিবেদক। মূলত আমাদের পেশাগত অবস্থান ও সাফল্যে ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।” তিনি আরও জানান, এ ধরনের অপপ্রচার তাদের ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় সচেতন মহলের অভিমত, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা পরিহার করে ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করে। তাদের মতে, চমন ও চঞ্চলের পেশাগত পরিচয় এবং মাদকবিরোধী অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী চক্র এ ধরনের অপপ্রচার চালিয়ে থাকতে পারে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
