বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া বাজার এলাকায় উজানগ্রাম ইউনিয়ন পরিষদের গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উজানগ্রাম এলাকার মৃত ছানাউল্লাহ শেখের ছেলে মোঃ এনামুল হক (৩০) এবং সোনাইডাঙ্গা এলাকার মোঃ মানিক বিশ্বাসের ছেলে মোঃ ইসরাইল আহম্মদ কনক (২৭)। উভয়েই ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় এনামুল হকের কাছ থেকে ৫০ পিস এবং ইসরাইল আহম্মদ কনকের কাছ থেকে ৫০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ১০০ পিস। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
