বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর ও আর. এ খান রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। গতকাল সোমবার (১৬ মার্চ) পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন ও ফ্যাশন হাউজে মনিটরিং কার্যক্রম চালানো হয়।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে আর.এ. খান রোডের শৈশব ফ্যাশন হাউজে ডিসকাউন্ট পণ্যে ডিসকাউন্টের হার উল্লেখ না করা এবং অতিরিক্ত ভ্যাট আদায়কৃত পণ্যের গায়ে সেই তথ্য উল্লেখ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেরো (ঠঊজঙ) ফ্যাশন হাউজ এর বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন এবং প্রতিশ্রুতি অনুযায়ী যথাযথ পণ্য বিক্রি না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালন করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
