বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় চলমান তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান,শীতের তীব্রতার কারণে শিশুরোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।
প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শিশুরোগী ভর্তি হচ্ছে। কিন্তু চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় লোকবল কম থাকায় রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে ওষুধ সরবরাহও পর্যাপ্ত নয়, ফলে অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালে আসা কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর চিকিৎসা পাওয়া যাচ্ছে। শীতের মধ্যে শিশুদের নিয়ে হাসপাতালে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, শীতের এই সময়ে শিশুদের উষ্ণ রাখা, ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত লোকবল বৃদ্ধি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা।
