কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ আগুনে পুড়ল মোটরসাইকেল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ আগুনে পুড়ল মোটরসাইকেল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী অংশে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া সদর উপজেলার দবির মোল্লা গেট ও সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর মাঝামাঝি স্থানে, দবির মোল্লার গেট পার হয়ে আনুমানিক ৩০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম মিনারুল ইসলাম (৩০)।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলিয়াটনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব মন্ডল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি রাস্তায় ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি আগুনে পুড়ে যায়। স্থানীয় লোকজন আহত মিনারুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এদিকে স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, কুষ্টিয়া অঞ্চলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে বেপরোয়া যান চলাচল, নজরদারির ঘাটতি ও আইন প্রয়োগের দুর্বলতার কারণে এসব দুর্ঘটনা বাড়ছে।

এখনই কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, আহত যুবক বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।