বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। ক্যাটাগরিগুলো হলো শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট-টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই; সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবল। কল্যাণ সভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া তিনজন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এরপর দুপুর ২টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
