কুষ্টিয়ায় জাতীয় পার্টির সাইনবোর্ড খুললো দুর্বৃত্তরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় পার্টির সাইনবোর্ড খুললো দুর্বৃত্তরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে শহরের হাউজিং কদমতলায় অবস্থিত জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিস আহম্মেদ খান টিটু জানান, রাত আড়াইটার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলে ৮-১০ জন যুবক এসে কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করতে থাকে। শব্দ শুনে অফিসের দেখভালের দায়িত্বে থাকা স্বপন বেরিয়ে এলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে গেট খুলে দিতে বলে।জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, রাতেই পুলিশকে ফোন দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে সকালে কার্যালয় পরিদর্শন করে গেছে পুলিশ।কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভাঙচুর ঠিক নয়। সাইনবোর্ড খুলে ফেলে রেখে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালায় একদল মানুষ। তারা দলটির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। সেসময় খুলনা কোতোয়ালি থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেছিলেন, ‘হামলাকারীদের পরিচয় জানা যায়নি।’ এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে আসেন একদল মানুষ। তারা জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। ভাঙচুরকৃত মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করেন তারা। পরে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ছেড়ে যান। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।