কুষ্টিয়ায় গণভোট বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আহত জুলাই যোদ্ধাদের মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গণভোট বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আহত জুলাই যোদ্ধাদের মানববন্ধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ গণভোট বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে ‘আহত জুলাই যোদ্ধা, কুষ্টিয়া জেলা শাখা’র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে জনগনের রায় গনভোটকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। জুলাই আন্দোলনে যারা রাজপথে থেকে লড়াই করেছেন এবং আহত হয়েছেন, তারা আজও ঐক্যবদ্ধ।

ষড়যন্ত্রকারীরা যদি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তবে কুষ্টিয়ার জুলাই যোদ্ধারা রাজপথে তার দাঁতভাঙ্গা জবাব দেবে। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে গণভোট বাতিলের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন স্লোগান দেখা যায়। আহত যোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা রক্ত দিয়েছি একটি বৈষম্যহীন দেশের জন্য। এখন যদি পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করা হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচিতে কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের আহত ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা সংহতি প্রকাশ করে অংশ নেন।