বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর কুষ্টিয়ায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। বর্তমানে দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় কুষ্টিয়া জেলার চারটি আসনের প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হলেও, কুষ্টিয়া-৩ (সদর) আসনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পর সোমবার ও মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জেলার কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটে। তবে দলীয় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে বিক্ষোভকারীরা ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৫ নভেম্বর) রাত পর্যন্ত জেলার কোথাও আর কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি। বিএনপির স্থানীয় নেতারা জানান, অভ্যন্তরীণ মতপার্থক্য মিটিয়ে এখন সবাই এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছেন। বিএনপির জেলা ইউনিটের এক সিনিয়র নেতা বলেন, দলই সবার বড়। প্রাথমিক ভুল বোঝাবুঝি কেটে গেছে। বিক্ষোভকারীরা কাতারে কাতারে আসছে ধানের শীষের পক্ষে কাজ করতে, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই সবার একমাত্র লক্ষ ।
