মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজম সন্ধ্যায় আমলা বাজারে একটি চায়ের দোকানে চা খেয়ে বাইরে বসে গল্প করছিলেন।
এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে গুলি ছুড়ে বাজার এলাকা ত্যাগ করে। শফিকুল ইসলাম আজমের মাথায় (সামনের অংশে) এবং বুকে দুটি গুলি লাগে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রেফার্ড করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। তবে কী কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
