কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার (৮ মার্চ) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা প্রদান করে কুষ্টিয়া জাতীয় মহিলা সংস্থা। সভায় কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ নারগিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব – উল- ইসলাম।

বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা মোছাঃ মাহবুবা বেগম ও ব্র্যাক এনজিও কর্মকর্তা মোঃ আলমাছুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার রক্ষা, ক্ষমতায়ন এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা করা জরুরি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যাত্রায় নারীদের অগ্রযাত্রা আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বিশেষ প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়।