বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে পোস্টার প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পোস্টার আচরণবিধি লঙ্ঘন করে দোকানে টাঙানো ছিল। নির্বাচন সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
