বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে এক আইনজীবীর সদস্যপদ খারিজের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার জ্যেষ্ঠ আইনজীবী আবু আজম। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সাল থেকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য তিনি। পরে ঢাকা বার সমিতির সদস্য পদলাভ করেন। জেলা আইনজীবী সমিতিতে একাধিকবার সিনিয়র সদস্য পদে বিভিন্ন মেয়াদে ৫বার নির্বাচিত হন।
তিনি বলেন, আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ আইনজীবি এসএম শাতিল মাহমুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকেও এবার বিএনপিপন্থী সেজে আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন। হয়রানির শিকার আইনজীবি আবু আজমের দাবি, সমিতির আরও অনেক আইনজীবী ঢাকা বারের সদস্য হলেও শুধুমাত্র তার ক্ষেত্রেই এ যুক্তি দেখিয়ে প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে এস এম শাতিল মাহমুদ তার সদস্যপদ খারিজ করিয়েছেন। ন্যায়বিচার ও নির্বাচন স্থগিত চেয়ে এ বিষয়ে তিনি সচিব বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ করেছেন।
