দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলার সীমান্ত ও বাইপাস এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। উদ্ধারকৃত মালামালের মোট বাজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। গতকাল শুক্রবার দুপুরে বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল ত্রিমোহনী বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪,২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলা চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার মাঠপাড়া এলাকায় এই অভিযানে ১,৬৬০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত এই বিড়ির মূল্য প্রায় ৯১ হাজার ১০০ টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত বিড়িগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এবং দেশের অর্থনীতি রক্ষায় বিজিবির এই ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
