কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) অভিযানকালে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত মোট ০৮টি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে মোট ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে স্কেভেটর ব্যবহার করে ইটভাটাগুলোর রাউন্ড ভেঙে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, অবৈধ ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম কারণ এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযানকৃত ইটভাটাসমূহের তালিকা ও জরিমানার বিবরণ- এমএনবি ব্রিকস প্রোঃ হাজী নুর ইসলাম, মশান বাজার, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৪ লক্ষ টাকা, এসকেআর ব্রিকস প্রোঃ সাইদুর ইসলাম, চুনিয়াপাড়া, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৪ লক্ষ টাকা, এবি ব্রিকস প্রোঃ মোঃ শাহিন আলী, বলিদাপাড়া, মশান, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৫ লক্ষ টাকা, ভাই ভাই ব্রিকস প্রোঃ মোঃ হারুন অর রশিদ, মির্জানগর, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৩ লক্ষ টাকা,

এমআইএইচ ব্রিকস প্রোঃ ইমাম আলামিন, বারখাদা, সদর, কুষ্টিয়া জরিমানা: ৩ লক্ষ টাকা, এএসএসবি ব্রিকস প্রোঃ মোঃ শামসুল আলম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩ লক্ষ টাকা,  এএসএসবি ২ ব্রিকস প্রোঃ মোঃ শিহাবুদ্দীন, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩ লক্ষ টাকা, এনবিসি ব্রিকস প্রোঃ মোঃ নজরুল ইসলাম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩ লক্ষ টাকা। পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।