বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি অবৈধ ইটভাটা। এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস। অভিযান চলাকালে স্কেভেটরের মাধ্যমে ইটভাটাগুলোর চিমনি, কিলন এবং প্রায় এক কোটি কাঁচা ইট ভেঙে ফেলা হয়। পাশাপাশি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান বলেন, নদী বেষ্টিত চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবুও অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি।
আজ (গতকাল) নয়টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে। পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় ১৮৫ টির মত ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৭ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এই ইটভাটা গুলো প্রতিবছর প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আইনকে অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। পর্যায়ক্রমে অবৈধ এসব ইটভাটা গুলোই অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।
৪৭ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়-অভিযানে জব্দকৃত মালামাল: বিভিন্ন প্রকার গাছের কাঠ-৩৯ মন, পাক মিল মেশিন-৪০টি, কাঠ ফারায় মেশিন-১০টি, ইট ভাটার চিমনি-২০টি, ইট কাটা কার্ফা মেশিন-৫টি, ইট কাটা অটো মেশিন-৫টি, ইসকুভেটার-১০টি। জব্দকৃত সব মালামালের মোট সিজার মূল্য ৭ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা। যা পরবর্তীতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিধি অনুসারে নিস্পত্তি করা হয়েছে।
