কুমারখালীর শিক্ষার্থী রাজুর দায়িত্ব নিল স্বপ্ন সুপার শপ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীর শিক্ষার্থী রাজুর দায়িত্ব নিল স্বপ্ন সুপার শপ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ বিভিন্ন গণমাধ্যমে মোটা দাগে খবর প্রকাশের পড় অবশেষে বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পরীক্ষায় সারাদেশের মধ্যে ৯০ তম স্থানে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী  শিক্ষার্থী ওমর ওসমান রাজুর পড়া লেখার দায়িত্ব নিয়েছেন স্বপ্ন সুপার শপ। এছাড়াও শিক্ষা কার্যক্রমের জন্য আর্থিক অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মহিষাখোলা এলাকায় রাজুর বাড়িতে গিয়ে চেক হস্তান্তর ও রাজুর পড়া লেখার দায়িত্ব নেন তারা। এসময় উপস্থিত ছিলেন, স্বপ্ন সুপার শপের আঞ্চলিক ম্যানেজার রাসেল আল মামুন। জানা যাই, ওমর ওসমান রাজু কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে পরিবারের প্রথম সন্তান।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পরীক্ষায় অংশ নিয়ে ৯০ তম স্থানে ভর্তির সুযোগ পায় রাজু। কিন্তু পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো কোনভাবে সম্ভব না হওয়ায় দিনমুজরির কাজ করতেন তিনি। এমন খবর প্রকাশের পর তাকে সহযোগিতা করেছেন স্বপ্ন সুপার শপ। স্বপ্ন সুপার শপের জনসংযোগ ও গণমাধ্যম পরামর্শক মিরাজুল ইসলাম জানান, মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে ভর্তি হতে পারছেনা খবর পেয়েই তার শিক্ষাকার্যক্রমে আমরা সহায়তা করেছি। এছাড়াও তার পরিবারের হাতে সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তার করা হয়।

রাজুর মতো প্রতিভাবান অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ও একই উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এর আগে, জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে এসএসসি পাশ করেন। এবং ২০২৫ সালে ৪ দশমিক ৯২ পয়েন্ট পেয়ে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেন।