কুমারখালী প্রতিনিধি ||কুষ্টিয়ার কুমারখালীতে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ( ২৭ মার্চ) দুপুরে উপজেলা যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকশ দল মরদেহের কফিনে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারে সালাম গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী।
এরআগে তাকে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ্য থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে জানাযা শেষে গোবিন্দপুর কবরস্থানে মরদেহটি দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণবাহী রেখে গেছেন তিনি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ছোট ছেলে রাকিব হোসেন জানান, তাঁর বাবা ২০১৬ সাল থেকে হৃদরোগে ভুগছিলেন। ঢাকাসহ বিভিন স্থানের চিকিৎসকের নিকট চিকিৎসা করানো হয়েছে। ২৬ মার্চ দুপুরে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। সবাই বাবার জন্য দোয়া করবেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, আকবর আলী খুব সাহসী যোদ্ধা এবং সৎ ও ভালো মানুষ ছিলেন। পরম সৌভাগ্যবান, যে স্বাধীনতার জন্য একদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বাধীনতার মাসেই, স্বাধীনতা দিবসের দিন রাতেই তিনি চিরবিদায় নিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
