কুমারখালীতে যুদ্ধ দিবস পালন ও লাঠি খেলা অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে যুদ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে । ১৯৭১ সালের (৩১ অক্টোবর) যদুবয়রা ইউনিয়নের বিল বরইচারা গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের ব্যাপক সংঘর্ষ হয়। দিনটিকে স্মরনীয় করে রাখতে এবং সকল শহীদদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল ১১ টায় বিল বরইচারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সংগীতের তালেতালে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন করা হয়।

কুমারখালীতে যুদ্ধ দিবস পালন ও লাঠি খেলা অনুষ্ঠিত
পরে এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুদ্ধকালীন জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মুনসুর মজনু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

আলোচনা সভা শেষে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ।এ লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা।
