কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের নিজস্ব বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমপার্শ্বে অবস্থিত এ ভবন উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভবনের ছাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোয়াজ্জেম হোসেন মিলনের সভাপতিত্বে এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মো. আফজাল হোসাইন,
কুষ্টিয়া ৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কে এম আর শাহীন, কবি ও নাট্যকর লিটন আব্বাস, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধি, পল্লী চিকিৎসক, মাদ্রাসা শিক্ষক প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম,
ডিবিসি ও সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, চ্যানেল টয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান প্রমূখ। বক্তারা বলেছেন, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল উপজেলা শহরে থেকেও জেলা শহরের সঙ্গে প্রতিযোগিতা করে মানুষকে নিরলস সেবা দিয়ে আসছেন। এখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক ও সহায়ক। যা রাজধানী শহরের প্রতিষ্ঠান গুলোর সঙ্গে সেবা প্রদানে প্রতিযোগিতা করছে। স্বল্পমূল্যে অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা সেবা প্রদানের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি মানবসেবায় অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে দীর্ঘ ১৫ বছর ধরে।
এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে। আমন্ত্রিত ব্যক্তিরা বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের মঙ্গল কামনা করেছেন। এরআগে শুক্রবার সকালে বহুতল বিশিষ্ট নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
