কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা 

মোশারফ হোসেন ॥ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে কুমারখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন। পরিদর্শনের পাশাপাশি তিনি মণ্ডপগুলোতে অর্থ বিতরণ করেন।

 

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানান।

 

পরিদর্শনকালে মণ্ডপে উপস্থিত ভক্ত, পূজারি ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান জাকারিয়া আনছার মিলন।

 

শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “আপনারা যেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে আমরা বদ্ধপরিকর। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবেন। যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার দায়িত্ব আমাদের।”

 

তিনি আরও বলেন, “আমরা যেমন আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি, তেমনি আপনারাও আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালন করবেন। এই ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের আসল শক্তি। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

 

মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক।

 

এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর