কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর ৩টি তেল পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না অনেকেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সকালে সড়কে কয়েকজন স্কুল শিক্ষক আক্ষেপ করে বলেন, সময়ের অভাবে তারা তেল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে পারছেন না। একজন শিক্ষক বলেন, একই ব্যক্তি ও একই মোটরসাইকেল নিয়ে একাধিক পাম্প থেকে বারবার তেল নেওয়ার কারণে ভিড় কমছে না। বাধ্য হয়ে তারা এখন বাইসাইকেলে চলাচল করছেন।
সরেজমিনে শিপলু ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ লাইন বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত পৌঁছে গেছে। এর আগে গাজী ফিলিং স্টেশনে তেলের সংকটের কারণে বিক্রি বন্ধ ঘোষণা করা হলে চাপ আরও বেড়ে যায় শিপলু ফিলিং স্টেশনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহীর ভিড় সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপ্রাপ্তবয়স্ক অনেকেই বারবার লাইনে দাঁড়িয়ে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করছে।
এমনকি কেউ কেউ অতিরিক্ত দামে তেল বিক্রির সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। এদিকে জরুরি প্রয়োজনে অনেকেই তেল সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন। তেল দেওয়ার কথা শুনলেই রাত ৩ টা থেকে ভোর হতে না হতেই লাইনে দাঁড়িয়ে থাকে ২ শতাধিক মোটরসাইকেল। সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ জ্বালানি সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
