কুমারখালী প্রতিনিধি ॥ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। দিবসটি উপলক্ষ্যে রাত ১২ টা ১ মিনিটে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংলগ্ন শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। শ্রদ্ধা, ভালবাসা ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার লক্ষ্যে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, এরপর একে একে কুমারখালী থানা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মাহফিল, সূর্যদয়ের সঙ্গেসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
