কুমারখালীতে আনসার ভিডিপি সদস্যদের সঙ্গে জেলা কমান্ড্যান্টের মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আনসার ভিডিপি সদস্যদের সঙ্গে জেলা কমান্ড্যান্টের মতবিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট ইস্কান্দার হায়াত মাহমুদ। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমারখালী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমান্ড্যান্ট ইস্কান্দার হায়াত মাহমুদ আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এ সময় তিনি স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সি এ শফিকুল ইসলাম, কুমারখালী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ রনি খাতুন। এছাড়াও ভাতা ভুক্ত সকল আনসার ও ভিডিপি সদস্য সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে সদস্যদের বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনা হয় এবং জেলা কমান্ড্যান্ট সেগুলোর উত্তর প্রদান করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভা আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে মত প্রকাশ করেন