কুষ্টিয়ায় ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ইব্রাহিম আলী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় দ্রুতগতির মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পারিবারিক সূত্রে জানায়, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ইব্রাহিমকে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেয়। পরে পরিবারের লোকজন আহত ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টায় ইব্রাহিমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন পরিবার। নিহত ইব্রাহিম আলী (১৯) একাদশ শ্রেনীর ছাত্র এবং শহরের মজমপুর সকাল সন্ধ্যা গলির বাসিন্দা রমজান শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ‘সোমবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র ইব্রাহিম নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ।

