বিশেষ প্রতিনিধি ॥ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল বুধবার (১১ মার্চ) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ৭ জন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের হাতে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের কাছে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ।
এ সময় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে খাদ্য উপকরণ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নিরাপত্তা রক্ষা ও জনগণের সেবায় দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেই সাথে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে সবসময় বাংলাদেশ পুলিশ রয়েছে বলেও তারা আশ্বাস দেন। এ সময় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা বাংলাদেশ পুলিশের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
