কুষ্টিয়ায় প্রথম আলোর আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা
কুষ্টিয়ায় বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সকাল ১০টার দিকে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কুষ্টিয়ায় প্রথম আলোর আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা
উদ্বোধনী পর্ব শেষেই শুরু হয় গান ও নৃত্য। মাঝে মাঝে কৃতীদের উদ্দেশে বক্তব্য দেন জেলা শহরের গুণী শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার অর্থ সম্পাদক নাবিলা নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন বলেন, ‘তোমরা তোমাদের মেধা দিয়ে যুদ্ধ করবে। সেটা ইউক্রেন-রাশিয়ার মতো যুদ্ধ না। যুদ্ধ করবে নিজেকে প্রতিষ্ঠা করতে। বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে যুদ্ধ করবে। দেশকে এগিয়ে নিতে তোমরা যুদ্ধ করবে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এএসএম মুসা কবির বলেন,‘মেধাবী মুখ দেখে খুবই ভালো লাগছে। হয়তো এই মুখের মধ্যেই লুকিয়ে আছে জাতিসংঘের আগামীর মহাসচিব। যদি তোমরা তোমাদের মেধাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারো তবেই তোমরা তোমাদের সঠিক লক্ষে পৌছাতে পারবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ শিক্ষার্থীদের মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলার জন্য হাত তুলে শপথ করান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি কবি আলম আরা জুঁই, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্ঠা নজরুল ইসলাম প্রমুখ।
আয়োজনের ফাঁকে ফাঁকে ছিল কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আবৃত্তি। গান পরিবেশন করেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শিল্পী সুজন রহমান। নাচ পরিবেশন করেন কুষ্টিয়া বন্ধুসভার সদস্য হুমায়রা খাতুন সোমা। নাচ গানের তালে আনন্দে মাতে কৃতীরা।
জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীর বাবা নূর আলম দুলাল বলেন, প্রথম আলোর এই উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে। এ রকম অনুষ্ঠান যেন প্রতি বছর হয়। তাহলে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। ভালো ফলাফল করে দেশকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম
‘শিখো’র পৃষ্ঠপোষকতায় গত ১৬ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কার্যক্রম চলছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই নিবন্ধিত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদ ও স্ন্যাকস বক্স।
