এবারের নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এবারের নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৫

কুষ্টিয়া পৌর যুবদলের উদ্যোগে নির্বাচনী প্রচারনার প্রস্তুতি সভা 

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কুষ্টিয়া পৌর যুবদলের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে পৌর যুবদলের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও পরিচালনা করেন সদস্য সচিব জিল্লুর রহমান জনি। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মিলন কমিশনার ও অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলনসহ পৌর যুবদলের ২১ টি ওয়ার্ডের নেতা-কর্মী।

এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের একটাই লক্ষ্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করা। সকলকে মনে রাখতে হবে, এই লড়াই শুধু ধানের শীষ প্রার্থীর নয়, এটি আমাদের সবার লড়াই, গণতন্ত্রের লড়াই, অধিকার ফিরিয়ে আনার লড়াই। ‘ধানের শীষ’ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের বিশ্বাস, আশা ও পরিবর্তনের প্রতীক। সবাই মিলে কাজ করলে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এবারের নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়, মানুষের অধিকার ফিরে পাওয়া। তাই ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের আস্থা ও সমর্থন অর্জন করতে হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সামনে যত বাধা-প্রতিকূলতাই আসুক, আমরা পিছিয়ে যাব না। জনগণ গণতন্ত্র চায়, মৌলিক অধিকার ফিরে পেতে চাই, ভোটের অধিকার চায়। সেই দাবিকে শক্তিশালী করতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিটি মানুষের কাছে যেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের প্রতি আস্থা তৈরী করতে হবে। সুশৃঙ্খল ভাবে নির্বাচনী প্রচারনায় আমাদের যে ৩১ টি দফা রয়েছে তা সম্পর্কে অবগত করতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সকল দাবি পূরণ হবে ইনশাআল্লাহ।