এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অবাধ ও সুষ্ঠ নির্বাচন : পুলিশ সুপার কুষ্টিয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অবাধ ও সুষ্ঠ নির্বাচন : পুলিশ সুপার কুষ্টিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় দৌলতপুর উপজেলা কনফারেন্স রুমে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম বার ) এএসপি, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, সার্কেল অফিসার, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দৌলতপুর সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের মধ্যে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,

জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুফতি আমিনুল ইসলাম, গণ অধিকার পরিষদের মোঃ শাহাবুল ইসলাম ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোঃ বদিরুজ্জামান সহ বিভিন্ন প্রার্থীর সাথে আসা কিছু সমর্থক স্কুল কলেজের শিক্ষক, সমাজের সুধীজন ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী। পবিত্র কোরআন ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংসদীয় আসনের প্রার্থীদের বিভিন্ন প্রস্তাব ও প্রশ্নমূলক বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, উপজেলা রিটার্নিং অফিসার অনিন্দ্য গুহ ।

সর্বশেষ প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম বার) বক্তাদের দেয়া প্রস্তাব ও প্রশ্নের জবাবে বলেন, আপনাদের এবং আমাদের সকলের একটি চাওয়া সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। তিনি আশ্বস্ত করে বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সুন্দর নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আপনারা যে যার অবস্থান থেকে নির্বাচন কাজে আমরা যারা কাজ করব তাদেরকে একটু সহযোগিতা করবেন। নির্বাচনে অবৈধ অস্ত্র ও পেশীশক্তি ব্যবহারের বিষয়ে তিনি বলেন কুষ্টিয়া জেলা পুলিশ এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখবে, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ভোট আয়োজনের জন্য যা কিছু করার প্রয়োজন তা নির্বাচন কমিশনের অধীনে নিযুক্ত সকল প্রতিষ্ঠান তাই করবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জেল জরিমানা বাস্তবায়নে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি আসনে কাজ করবেন। ভোটের দিন উৎসবমুখর ও বাঁধাহীন পরিবেশে ভোট প্রদানকে উৎসাহিত করার জন্য প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। গণভোটের প্রচারের অপ্রতুলতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের প্রচারণার গাড়ি ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় প্রচারণা ও প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে আগামীতে প্রচারণার গতি আরো বেগবান হবে। গণভোটের প্রচারণার সুধীজন, শিক্ষক সমাজ, গণমাধ্যম ও সংবাদ কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন আরও বলেন, অবৈধ অস্ত্র বহন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ও অবাধ নির্বাচন। তিনি আরও জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে এবং খুব শিগগিরই এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, দৌলতপুর উপজেলায় বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে মনোনীত সাতজন প্রার্থী এবং বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দৌলতপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪,০৪,৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৩,৪৯২ জন, নারী ভোটার ২,০১,০১১ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ২৪৯টি ভোটার এলাকায় মোট ১৩৫টি ভোট কেন্দ্র রয়েছে।