ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় জেন্টস পার্লারে ভিড় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় জেন্টস পার্লারে ভিড়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ঈদুল ফিতরকে ঘিরে কুষ্টিয়া শহরের বিভিন্ন মার্কেট ও সেবাকেন্দ্রে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। এরই ধারাবাহিকতায় শহরের থানা মোড় এলাকায় অবস্থিত জনপ্রিয় জেন্টস ফ্যাশন ও সেলুনগুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়। বিশেষ করে ঈদের আগে নিজের লুক ঠিক রাখতে চুল কাটা, দাড়ি সেটিংসহ বিভিন্ন গ্রুমিং সেবার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন তরুণ-যুবকরা। ব্যস্ত সময় পার করছেন কর্মরত নরসুন্দররাও।

জেন্টস ফ্যাশনের স্বত্বাধিকারী সিদ্দিক আহমেদ জানান, “ঈদ সামনে রেখে গ্রাহকের চাপ অনেক বেড়ে গেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। সবাই ঈদের আগে নিজেদের সুন্দরভাবে প্রস্তুত করতে চান।” চুল কাটতে আসা মাসুদ রানা নামে এক গ্রাহক বলেন, “ঈদের আগে একটু ভালোভাবে সাজগোজ করা দরকার। তাই সময় বের করে চুল কাটতে এসেছি।

এখানে সার্ভিস ভালো, তাই ভিড় থাকলেও অপেক্ষা করতে সমস্যা হয় না।” ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভিড়। অনেকেই আগেভাগে এসে সেবা নিচ্ছেন, আবার কেউ কেউ শেষ মুহূর্তে এসে চাপ আরও বাড়াচ্ছেন। সব মিলিয়ে ঈদের আমেজে কুষ্টিয়া শহরের থানা মোড়ের জেন্টস ফ্যাশনগুলো এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর।

অপরদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পবিত্র ঈদকে সামনে রেখে ছেলেদের রূপচর্চার চাহিদা ক্রমেই বেড়ে যাচ্ছে। তরুণ-যুবক থেকে শুরু করে মধ্যবয়সী পুরুষরাও নতুন জামা-জুতা পরিধান এবং চুল কাটা, শেভ, দাড়ি ছাঁটা, ফেসিয়াল, হেয়ার স্পা ও গোল্ড ট্রিটমেন্টসহ বিভিন্ন সেবা নিতে শহরের জেন্টস পার্লারগুলোতে ছুটছেন। উপজেলার বিভিন্ন পার্লারে দেখা গেছে, ঈদ যত ঘনিয়ে আসছে, গ্রাহকের চাপ ততই বেড়েছে।

শেষ মুহূর্তে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সেলুন মালিকরা অতিরিক্ত কারিগর নিয়োগ করেছেন, তবুও চাহিদা পূরণে সীমাবদ্ধতা রয়েছে। ঈদ মৌসুমে সব ধরনের সেবার দামও বেড়ে গেছে। রামনগর বাজারের ভানটু দাস জেন্টস পার্লারের মাস্টার সুজন জানান, “ঈদ উপলক্ষে আমরা স্বল্প মূল্যে হেয়ার কাট ও ফেসিয়াল সার্ভিস দিচ্ছি, তাই এখানে ভিড় বেশি।”

নতুন পারফেক্ট হেয়ার লুক সেলুনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, “দোকান নতুন সাজানো হয়েছে, গ্রাহক আসছে ভালোই।” জেন্টলম্যান সেলুনের মাস্টার সিরাজ সাঁই জানান, তাদের ঈদ প্যাকেজ হেয়ার কাট ও ফেসিয়ালস —মাত্র ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে, অন্যদের তুলনায় অনেক কম। এক যুবক গ্রাহক বলেন, “ঈদে নতুন লুক না হলে মন ভরে না। তাই আগেভাগে এসে কাজ সেরে নিচ্ছি।” কুষ্টিয়ায় এই রূপচর্চার চিত্র দেখেই বোঝা যায়, ঈদ উপলক্ষে সৌন্দর্য সচেতনতা এখন শুধুমাত্র নারীদের মধ্যে সীমাবদ্ধ নেই পুরুষরাও সমানভাবে এতে এগিয়ে আসছেন।