ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য সচিব করা হয়েছে।
গতকাল শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় সুপারিশসহ সঠিক প্রতিবেদন দাখিলের লক্ষ্যে উপাচার্যের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঠিক তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে কমিটির সদস্য সচিব গোলাম মওলা বলেন, চিঠি পাওয়ার পরপরই আহ্বায়কের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান বলেন, “আমি মাত্রই চিঠি পেয়েছি। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে প্রথম বৈঠক ডাকা হয়েছে। সদস্য সচিবকে কমিটির অন্য সদস্যদের কাছে চিঠি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগে বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর সংশ্লিষ্ট কক্ষটি সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরদিন অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা।
