ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’র ২০২৪-২৫ কার্য বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফাবিহা বুশরা নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (৩ জুন) বেলা ২ টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আরমান হোসেন জয়। এর আগে সংগঠনটির সুবাসিত সদস্যদের সনদপত্র প্রদান করাসহ সেরা ভলান্টিয়ারদের ক্রেস্ট প্রদান ও সেরা রক্তদাতাদের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমার উপর আস্থা রেখে সবাই আমাকে নির্বাচিত করেছেন। আমি সকলের আস্থার জায়গা ধরে রাখার চেষ্টা করবো। সংগঠনের কাজের ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি। উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে ‘তারুণ্য’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি, বন্যার্তদের ত্রাণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, অসহায় শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
