শোকের মাসে সংঘর্ষে লিপ্ত ইবি ছাত্রলীগ
শোকাবহ আগষ্টে সংঘর্ষ, ছুরিকাহত ও হাতাহাতিতে লিপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গুরুতর ২ জনসহ মোট ৫ জন আহত হয়। শোকদিবস উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভা শেষে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে।

শোকের মাসে সংঘর্ষে লিপ্ত ইবি ছাত্রলীগ
রবিবার (২০ আগষ্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগানে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের প্রায় কয়েকশো নেতাকর্মী। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় হাতাহাতিতে লিপ্ত হয়ে সংঘর্ষের কালিমা গায়ে জড়ান ছাত্রলীগ সৈনিকেরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানশেষে মিলনায়তনের বাইরে নেতাকর্মীরা একত্র হতে থাকলে ছাত্রলীগের একপক্ষ অতর্কিত হামলা চালায়। এসময় জিয়া হল ছাত্রলীগ নেতাকর্মী ও শেখ রাসেল হলের নেতাকর্মীদের মাঝে এই সংঘর্ষ বাঁধে। এতে ব্যবস্থাপনা বিভাগের আকিব (২০/২১) রাসেল হলের আবাসিক শিক্ষার্থী ইসলামের ইতিহাস বিভাগের মুক্তারিক সাবিককে ছুরিকাঘাত করলে গরুতর আহত হয় সে।
এ বিষয়ে আহত মুক্তারিক সাবিক বলেন, সিঁড়িতে নামার সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে ম্যানেজমেন্ট বিভাগের কিছু শিক্ষার্থী এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আকিব নামের শিক্ষার্থী আমাকে ছুড়িকাঘাত করে। পরে আমার বন্ধু ও সিনিয়ররা আমাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যায়।

তবে ছুড়িকাঘাতের ঘটনা অস্বীকার করেছে ম্যানেজম্যান্টের অভিযুক্ত শিক্ষার্থী আকিব। তিনি বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমি কখনোই ছুড়ি নিয়ে ক্যাম্পাসে যেতে পারিনা। উলটো আমার উপর অতর্কিতভাবে কিছু শিক্ষার্থী হামলা করে। আমি কোনোরকমে ওখান থেকে বেঁচে রুমে এসে আশ্রয় নেই।
আকিব বলেন, আমি ছাত্রলীগের একজন কর্মী। জিয়া হলে এনামুল রায়হান ভাইয়ের রাজনীতি সহ শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি।

এ প্রসঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বন্ধুদের মধ্যে ভুলবোঝাবুঝি ও হাতিহাতির ঘটনা থেকে এ ঘটনা ঘটতে পারে। শোকের মাসে এমন একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। ছাত্রলীগের কোনো কর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে তবে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি সম্পর্কে শুনেছি। পূর্বসূত্রতার জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। আমরা বিস্তারিত জেনে এবিষয়ে ব্যবস্থা নিব।
