ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৫

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে দেন। জানা যায়, আহত নির্মাণ শ্রমিক হাসানুর হাসান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। হাসানুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন।

হঠাৎ সেখান থেকে ছিটকে দ্বিতীয় তলায় পড়ে যায়। এতে তিনি বাম পায়ে গুরুতর আঘাত পান। এসময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান বলেন, আঘাতের ফলে তার বাম পায়ের উপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এজন্য তাকে অতিদ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে গিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে। উল্লেখ্য, এরআগেও ওই একই ভবনে কাজ করার সময় নির্মাণসামগ্রী গায়ে পড়ে ওবায়দুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।