আলমডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আটা বোঝাই লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি)’র সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন আহত হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান , কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা সদরগামী একটি মোটরসাইকেল মুন্সিগঞ্জ খুদিয়াখালি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটা বোঝাই একটি লাটাহাম্বার সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এর চালক ও আরোহী গুরুতর আহত হন। দূর্ঘটনার পরেই লাটাহাম্বার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইকতার আলী (৪০)-কে মৃত ঘোষণা করেন। নিহত ইকতার আলী কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ চিতলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। বর্তমানে তাঁর মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল আরোহী শিশু জামিলা খাতুন (১১)। সে একই উপজেলার পিয়ারী গ্রামের মোঃ জয়নালের মেয়ে।
এদিকে, জামিলা খাতুনের মা সাগরি খাতুন (২৯) মেয়ের দুর্ঘটনার খবর শুনে অপর একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে আসার পথে মেয়ের অবস্থা দেখে মানসিক ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
