ঢাকা অফিস ॥ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের কোকোর নাম বিকৃত করে মন্তব্যের জেরে জামায়াত নেতা আমির হামজার নামে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) ঝিনাইদহ সদর আমলি আদালতে ঝিনাইদহ জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম বাদী হয়ে এ মামলা করেন। ঝিনাইদহ আদালত পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম বাদী হয়ে ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মুফতি আমির হামজার বিরুদ্ধে অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ সদর আমলি আদালতে একটি মামলা (মামলা নং-৭১/২৬) করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আবদুল আলিম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার ও তাঁর ছেলে মরহুম আরাফাত রহমান কোকো সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ায় আমরা বিএনপির নেতা-কর্মীরাও হেয়প্রতিপন্ন হয়েছি। এ কারণে বিজ্ঞ আদালতে মামলা করেছি। একই অভিযোগে এর আগে খুলনা ও কুষ্টিয়া আদালতে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গত সোমবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। গত রবিবার দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল আদালতে মানহানির মামলা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী। যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান (জিল্লু) একটি মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মেহেদী হাসান বলেন, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। এজন্য মামলা করেছি। একই অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মাগুরায় আরেকটি মানহানির মামলা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীমুর রহমান খান বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কর্মকার অভিযোগটি আমলে নিয়ে আসামি আমির হামজার বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. হুমায়ুন কবীর কর্নেল। তিনি জানান, শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রাথমিক ধাপ হিসেবে সমন জারি করেছেন।
