আমাদের সবাইকে প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর আলম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমাদের সবাইকে প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর আলম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, “আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের পাশে, দাঁড়াতে হবে নিঃস্ব-অসহায় মানুষের পাশে”। এ ধরনের মানবিক দৃষ্টিভঙ্গিই সমাজকে এগিয়ে নিতে পারে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এতিমদের যদি আমরা না দেখি, তাহলে বুঝতেই পারি না তাদের জীবনটা হয়তো কেমন হতে পারতো।

সমাজের কিছু জায়গা, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান—এসব জায়গায় অনেকেই নৈতিকতা থেকে সরে যাচ্ছে। এই সরে যাওয়া থেকেই সমাজে বিশৃঙ্খলার জন্ম হয়।” তিনি ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং এতিমখানার পরিধি ও কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফ শেখের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় সদর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম সহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।