আমাদের টাকা নেই-ইসলামের আদর্শ দিয়ে মন জয় করে বিজয়ী হব: জামায়াত প্রার্থী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমাদের টাকা নেই-ইসলামের আদর্শ দিয়ে মন জয় করে বিজয়ী হব: জামায়াত প্রার্থী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে কুষ্টিয়া ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মো. আফজাল হোসেন। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুমারখালীর শহরের শেরকান্দি এলাকার আল ফালাহ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনীতির বাস্তবতা ও জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।

উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জুলফিকার আলী, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমূখ। সভায় কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন বলেছেন, আমাদের টাকা নেই। কিন্তু আমরা ইসলামের আদর্শ ও নীতি নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করে ভোটে বিজয়ী লাভ করব। জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি দখলবাঁজি মাদক মুক্ত সমাজ গড়ব। নারীদের কর্মঘন্টা কমিয়ে আরো সম্মান বৃদ্ধি করা হবে। সাংবাদিকদের জন্য সরকারিভাবে কুমারখালী-খোকসায় প্রেসক্লাব নির্মাণ করা হবে।