আমরা চাই প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে কাজ করবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমরা চাই প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে কাজ করবে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর একটি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে আলোচনা করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশুসহ মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির সরকার বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের দেশের দ্বীনি শিক্ষা ও নৈতিকতার ধারক-বাহক। তারা ভবিষ্যতে দেশ, সমাজ ও ইসলামের সঠিক দিকনির্দেশনা দেবেন, এই প্রত্যাশা আমরা রাখি।

তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। আজকের এই ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। আমরা চাই, কোরআন-হাদিসের আলোকে এই শিক্ষার্থীরা নিজেদের জীবন গড়ে তুলবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে, ইনশাআল্লাহ। আগামী দিনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেরও উন্নয়ন হবে। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ এতিম শিক্ষার্থীদের কল্যাণে সবার সহযোগিতা কামনা করেন।