আপনাদের ভোট ও সমর্থনে একটি সুন্দর সমাজ গড়তে চাই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আপনাদের ভোট ও সমর্থনে একটি সুন্দর সমাজ গড়তে চাই: প্রকৌশলী জাকির সরকার   

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর ১৭ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পৌর ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিপন।

পথসভায় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া পৌর এলাকার নাগরিকরা দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানির সংকট ও কর্মসংস্থানের অভাব আজ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষ নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আপনাদের ভোট ও সমর্থনে কুষ্টিয়ায় একটি সুন্দর সমাজ গড়তে চাই। আগামী ১২ তারিখ সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে ধানের শীষে ভোট দিন। এদিকে নেতাকর্মীরা স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান। পথসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।