আপনাদের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আপনাদের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির বার্তা পৌছে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন তিনি। এলাকাবাসীর সমর্থন নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে, কুষ্টিয়ার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চান ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। ভোটারদের দরজায় কড়া নেড়ে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ছুটে যাচ্ছেন তিনি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চিকিৎসা সেবার বিষয়ে ভোটারদের অবগত করতে দেখা যায় তাকে।

নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে কুষ্টিয়া পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ওয়ার্ডে প্রচারনায় অংশ নেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ফয়েজ রিজভী ও সাধারণ সম্পাদক শমসের আলীর পরিচালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে পৌর ০৬ নং ও ০৭ নং ওয়ার্ডে সকাল থেকে দিনব্যাপী নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়।

এ সময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে তার পরিকল্পনার বিষয়ে অবগত করেন। জগতি রেল স্টেশন সচল, রেল লাইন প্রতিস্থাপন করে জনদুর্ভোগ কমানো, ঘোড়া ঘাটে ব্রিজ, গড়াই নদীর তীর ঘেষে রাস্তা, কুষ্টিয়ার সাথে পাবনা জেলার যোগাযোগ ব্যবস্থায় হাটশ হরিপুর ইউনিয়নে ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা সচল, চিকিৎসা সেবা নিশ্চিত, শিক্ষার মানোন্নয়ন, বেকারদের চাকরিসহ নানান বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। তিনি বলেন, সুন্দর সমাজ গড়তে সকলে ধানের শীষের পক্ষে রায় দিন।

গণসংযোগে অংশ নেওয়া সাধারণ মানুষের অনেকেই বলেন, “আমরা শান্তি চাই, উন্নয়ন চাই। এমন একজন নেতাকে চাই, যিনি আমাদের কথা শুনবেন এবং বাস্তব সমাধান দেবেন।” আরেকজন বলেন,“দীর্ঘদিন ধরে আমরা অনেক সমস্যার কথা বলেছি, কিন্তু সমাধান পাইনি। এবার আমরা পরিবর্তন চাই।” প্রকৌশলী জাকির হোসেন সরকার জনগণের প্রতিটি দাবি মনোযোগ সহকারে শোনেন এবং ধাপে ধাপে সেগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের সমস্যার সমাধানই  আমার প্রধান অগ্রাধিকার। আপনারা আমাকে সুযোগ দিলে কুষ্টিয়া শহরকে একটি পরিকল্পিত, উন্নত ও শান্তিপূর্ণ নগরীতে রূপান্তর করব।

উন্নয়ন হবে মানুষের প্রয়োজন অনুযায়ী, আর সেই উন্নয়নের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ।” তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আপনাদের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য। সবাই মিলে যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কুষ্টিয়াকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে পারব ইনশাল্লাহ।” গণসংযোগ শেষে এলাকার সর্বস্তরের মানুষ প্রকৌশলী জাকির হোসেন সরকারকে বিপুল সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন।